সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার সাতগেছিয়ার নান্না গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম রাজেন্দ্র মুর্মু(৩৪)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। অন্য একটি ঘটনায় মঙ্গলকোট থানার কৈচর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম সাগর রায়(৪২)। মঙ্গলকোট থানারই নতুনগ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় কৈচর স্টেশনের কাছে ছাগল চড়ানোর সময় একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর একটি ঘটনায় ভাতার থানার পলসোনা গ্রামে ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ আকাশ(১৯)। ভাতার থানার কুবাজপুরে তাঁর বাড়ি। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন তিনি। পলসোনার কাছে একটি ট্রাক্টর তাঁর বাইকটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেছে।



