সংবাদদাতা, বেলদা: দাঁতনের তুরকাতে নাবালক খুনে গ্রেপ্তার সৎ মা ও কাকাকে আদালতে পেশ করল পুলিস। পুলিসের আবেদন মোতাবেক ধৃতদের ১৪ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছে আদালত। ধৃতদের নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিস। প্রসঙ্গত, গত রবিবার সকালে তুরকাতে ইকবাল বক্স নামে বছর ১৩ এক নাবালকের গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানে দুর্ঘটনার তত্ত্ব খাড়া করলেও পুলিসি তদন্তে উঠে আসে পরকীয়ার গল্প। ওই নাবালককে খুনের অভিযোগে তার সৎ মা সানোয়ারা বিবি ও কাকু বাবুজি বক্সকে গ্রেপ্তার করে পুলিস। তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান তদন্তকারী আধিকারিকরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণ ছাড়াও যে অস্ত্রের সাহায্যে ওই নাবালকের গলার নলি কাটা হয়েছিল সেটি উদ্ধার করতে চান তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে রক্তমাখা বিছানার চাদর, কাপড় সংগ্রহ করা হবে। এদিকে এই ঘটনার পর থেকে তুরকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলে, যেভাবে নির্মম ভাবে বাচ্চাটিকে খুন করা হয়েছে তা কখনওই মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা। ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র



