সংবাদদাতা, বসিরহাট: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সাত মাস পর ওড়িশা থেকে গ্রেপ্তার সৎ বাবা। বসিরহাটের হাড়োয়া থানা এলাকায় নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের পর দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত শুক্রবার ওড়িশার ভদ্রক জেলার বাসুদেবপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি এক মহিলাকে তাঁর নাবালিকা মেয়ে সহ বিয়ে করেছিলেন। অভিযোগ, পরবর্তীতে নিজের সৎ মেয়েকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ায় নাবালিকার মা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই এলাকা ছেড়ে পালান তিনি। পুলিশের দাবি, বিভিন্ন সূত্রে খবর সংগ্রহ করে অভিযুক্তের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ওড়িশার ভদ্রক জেলার বাসুদেবপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



