সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ি থানার রামচন্দ্রপুর-কোটালডি গ্রাম পঞ্চায়েতের আঠুমাজুরডি থেকে বৃন্দাবনপুর গ্রাম যাওয়ার পিচ রাস্তা বেহাল হয়ে পড়েছে। ওই রাস্তায় বড় বড় পাথর বেরিয়ে পড়েছে। কোথাও আবার খানাখন্দে ভরে গিয়েছে। ফলে ওই রাস্তায় পথচারী থেকে যানবাহন চালকরা অসুবিধায় পড়ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বেহাল হয়ে পড়ায় এলাকার মানুষ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে এলাকার মানুষের সুবিধার জন্য আঠুমাজুরডি থেকে বৃন্দাবনপুর পর্যন্ত পিচ রাস্তা করা হয়। এই রাস্তায় এলাকার স্কুল, রামকানালি রেলস্টেশন, ব্যাঙ্ক, গোবাগ মোড় সহ রঘুনাথপুর যাওয়ার জন্য রাস্তাটি ব্যবহার করে। লালগড়, বিধাকাটা, বৃন্দাবনপুরের মতো আশেপাশের একাধিক গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা বেহাল অবস্থার জন্য সকলেই অসুবিধায় পড়ছেন। সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, এই রাস্তাটি এক কিলোমিটারের কম। তাই জেলা পরিষদ থেকে করা যাচ্ছে না। আর গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই। তাই পঞ্চায়েত সমিতি থেকেই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।



