সংবাদদাতা, গঙ্গারামপুর: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ট্যাবলো ঘুরবে একসপ্তাহ ধরে। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবারে একটু অন্যরকম ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ১ জানুয়ারি গঙ্গারামপুরে জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সূচনা হবে। ৭ দিন ধরে জেলার আটটি ব্লক ও তিনটি টাউন তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মানুষের পাশে দাঁড়াবে। এবারে জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে ট্যাবলো উদ্বোধন হবে। এই ট্যাবলো সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে গ্রাম থেকে শহরে ঘুরবে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার কাজ করে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে তা সাধারণ মানুষকে জানানো হবে। প্রায় ১১ টি টোটো ট্যাবলো বানিয়ে প্রচার করা হবে।
Advertisement
এছাড়াও আগামী ৫ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও রক্তদান শিবিরের আয়োজন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ব্লক নেতৃত্বকে আলাদা আলাদা ভাবে পরিচালনার জন্য বলা হয়েছে। আমরা প্রত্যেকটি ব্লক সভাপতি ও টাউন সভাপতিকে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করার জন্য বলেছি সাতদিন ধরে। কেন্দ্রের প্রতিবন্ধকতার পরও রাজ্য সরকার কীভাবে বাংলা আবাসের কাজ করেছে সেবিষয়ে সাধারণ মানুষকে জানানো হবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে। এবিষয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, বাংলা আবাসের নামে যে অনিয়ম চলছে, তার প্রতিবাদে ১ জানুয়ারি থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে বিজেপি।



