Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতদিন জলহীন কল্যাণেশ্বরী মন্দির, প্রতিবাদে অবরোধ

সাতদিন জলহীন কল্যাণেশ্বরী মন্দির, প্রতিবাদে অবরোধ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাতদিন ধরে জলশূন্য কল্যাণেশ্বরী মন্দির। প্রতিবাদে সোমবার মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সেবাইত থেকে শুরু করে ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কাজ হয়নি। এমন পরিস্থিতি যে, মায়ের ভোগ রান্না করতে বহু দূর থেকে জল আনতে হচ্ছে। ভক্তরা পানীয় জলের জন্য হাহাকার করছেন। এদিন সকাল থেকে দেন্দুয়া-বরাকর রাস্তায় বেঞ্চ পেতে বসে পড়েন বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় টনক নড়ে প্রশাসনের। বিশাল পুলিস বাহিনী এলাকায় উপস্থিত হয়। তাঁর সমস্যা সামধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। মন্দিরের সেবাইত পবিত্র বন্দ্যোপাধ্যায়, বিল্লমঙ্গল মুখোপাধ্যায় বলেন, পিকনিকের মরশুমে মায়ের মন্দিরেও ব্যাপক ভিড় হয়। এই সময়েই মন্দিরে জল সঙ্কট। স্থানীয় ব্যবসায়ী রাজু দেওঘড়িয়া বলেন, মন্দিরে জল না থাকায় আমাদের খুবই সমস্যা হচ্ছে। একই লাইনে অন্যরা জল পেলেও কেন মন্দিরে জল আসবে না? আমরা বার বার অভিযোগ জানালেও কাজ হচ্ছে না। বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছি। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সহকারী বাস্তুকার (সিভিল) সন্দীপ কুণ্ডু বলেন, আমরা মঙ্গলবারই সরেজমিনে তদন্ত করব। সমস্যা খুঁজে বের করে তার সমাধান করা হবে। আমাদের কাছে এই অভিযোগ আগে আসেনি। মন্দিরের জল চুরির করার জন্যও এই ঘটনা ঘটতে পারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ