নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দু’টি বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) থানা গড়তে জারি করা হয়েছিল গেজেট বিজ্ঞপ্তি। তাতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। দিনকয়েক আগে রাজ্যে দু’টি বিশেষ এসটিএফ থানা গঠন করতে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। যার মধ্যে একটি দক্ষিণবঙ্গের সল্টলেকে। অপরটি উত্তরবঙ্গে শিলিগুড়ির অম্বিকানগরে। বিজ্ঞপ্তিতে এই দু’টি থানাকে বিধাননগর ও শিলিগুড়ি এসইএজেএম আদালতের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে মামলা দায়ের হয় সার্কিট বেঞ্চে। শুনানির পর গেজেট বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করেছে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় নারায়ণের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার মূল উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করছে। আদালত বলে, ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বিলাসিতা নয়। এই থানাগুলি কার্যকর হলে দূরবর্তী এলাকার মানুষের অসুবিধা হবে।’



