নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলি জেলার চুঁচুড়ায় ১৫ একর জায়গাজুড়ে তৈরি হতে চলেছে রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়। বেসরকারি উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় তৈরি হবে। শুক্রবার বিধানসভার অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয়। বিলের নাম ‘দি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব স্পোর্টস অ্যান্ড এন্ট্রাপ্রেনিওরশিপ বিল ২০২৫’। বিলটি বিধানসভায় পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিলের মূল উদ্দেশ্য ক্রীড়া ক্ষেত্রের আরও মানোন্নয়ন। এদিন বিলের উপর আলোচনায় অংশ নেন তৃণমূল বিধায়ক মহম্মদ আলি, দেবাশিস কুমার, শ্যামল মণ্ডল, রানা চট্টোপাধ্যায়, সুকান্ত পাল, রফিকুর রহমান। তৃণমূল বিধায়কদের বক্তব্য, শুধুমাত্র ক্রীড়া সংক্রান্ত একটি বিশ্ববিদ্যালয় গঠন অত্যন্ত উল্লেখযোগ্য। অন্যদিকে সুন্দরবন এলাকার ক্যানিং-১ নম্বর ব্লকের তালদি অঞ্চলের সাঁতারু রবীন বলদে গত ১৯ জুন ইংলিশ চ্যানেল ১১ ঘণ্টায় পার করেছেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের কাছে রেখেছেন বিধায়ক শ্যামল মণ্ডল।



