দুই-তিন বছরের মধ্যে কর্মসংস্থানে বেঙ্গালুরুকে টেক্কা দেবে রাজ্য, দাবি উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চার বছরের (২০২২-২০২৫) স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের উপাধি প্রদান করা হল। এদিন মোট ৪০৭ জন উপাধি পেয়েছেন। প্রত্যেক বর্ষের বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য সোনা, রুপো ও ব্রোঞ্জের মেডেল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, রাজ্য শিক্ষা ক্ষেত্রে বিশেষ মনোযোগী হয়েছে। একাধিক দিক থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এই রাজ্যে সকলকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। এই সমস্যা বিগত সরকারের সময় তৈরি হয়েছে। তবে, আগামী দুই-তিন বছরের মধ্যে রাজ্যে এতো পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হবে যা বেঙ্গালুরুকে টেক্কা দেবে। সেখানে কর্মরত এই রাজ্যের বহু ইঞ্জিনিয়ার চাকরি করছেন। তাঁরাও আগামীতে রাজ্যে ফিরে আসবেন। 

Advertisement

এদিনের অনুষ্ঠানে ঔপনিবেশিক মানসিকতা ছেড়ে স্বনির্ভর ভারত গড়ার পক্ষে সাওয়াল করেন মন্ত্রী। দ্বাদশ-ত্রয়োদশ শতকের সমাবর্তনের সময় পরিধেয় হিসাবে গাউন বা রোব, হুড ও টুপি ত্যাগ করার ইঙ্গিত দেন তিনি। ভারতীয় সংস্কৃতিতে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, ভারতীয় সংস্কৃতিতে অঙ্গবস্ত্র, গলবস্ত্র, উত্তরীয়ের চল ছিল। বাংলায় নবদ্বীপ, ভাটপাড়া, বিক্রমপুরে সংস্কৃত শিক্ষার প্রতিষ্ঠানগুলি উত্তরীয় পরিয়ে উপাধি প্রদান করার চল ছিল। রাজ্যে সেই সংস্কৃতি ফিরিয়ে আনা হবে। 
কেন্দ্র যে ভারতকে ঔপনিবেশিকতার প্রভাব থেকে বের করে আনতে চাইছে সেকথাও স্মরণ করিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র সরকার ইতিমধ্যেই উপনিবেশিক মানসিকতা পরিবর্তন করতে সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ইউরোপিয়ান পরিধান বর্জন করেছে। আমাদের রাজ্যেও এই ধরনের পরিধান বন্ধ করে ভারতীয় সংস্কৃতির উত্তরীয় ফিরিয়ে আনা হবে। যাঁরা এদিন ভারতীয় পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এই রাজ্যে ও উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম তৈরি করার চিন্তাভাবনা করা হচ্ছে। পড়ুয়াদের জন্য সুযোগ থাকার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। রাজ্যের পড়ুয়াদের যাতে কোনোভাবে বাইরে চাকরি খুঁজতে না যেতে হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। • নিজস্ব চিত্র।