Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৮৭টি পঞ্চায়েত ভবনের ভগ্নদশা নয়া নির্মাণে রাজ্য দেবে ২০ লক্ষ

৮৭টি পঞ্চায়েত ভবনের ভগ্নদশা নয়া নির্মাণে রাজ্য দেবে ২০ লক্ষ
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের ৮৭টি গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন তৈরি হতে চলেছে। এই পঞ্চায়েতগুলির বর্তমান বিল্ডিংয়ের ভগ্নপ্রায় দশা। তাই নতুন ভবন তৈরির জন্য প্রতিটি পঞ্চায়েত ২০ লক্ষ টাকা করে পাবে। এছাড়া, রাজ্যের সমস্ত পঞ্চায়েতকে একটি করে কম্পিউটার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারে, তার জন্যই এই উদ্যোগ। প্রত্যেক পঞ্চায়েতে কম্পিউটার আছে আগে থেকেই। অতিরিক্ত আরও একটি দেওয়া হচ্ছে কাজে আরও গতি এনে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ৮৭টি পঞ্চায়েতের বিল্ডিং এতটাই খারাপ অবস্থায় আছে যে মানুষ সেখানে পরিষেবা নিতে যেতেই দ্বিধাবোধ করে। কোনও ভবনের দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কয়েকটি ক্ষেত্রে দরজা-জানালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। জনপ্রতিনিধি থেকে সরকারি কর্মচারী— সবারই কাজ করতে কমবেশি অসুবিধা হচ্ছে এই পরিস্থিতিতে। বহু বছর ধরে এভাবেই চলছে। তাই এবার পঞ্চায়েত দপ্তর উদ্যোগী হয়ে ৮৭টি পঞ্চায়েতের নতুন ভবন তৈরির জন্য আর্থিক সাহায্য করবে বলে ঠিক করেছে। ভগ্নপ্রায় অবস্থায় থাকা পঞ্চায়েত অফিসের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। এই জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকে এমন আটটি পঞ্চায়েত রয়েছে। ১৮টি জেলা থেকে ওই ৮৭টি পঞ্চায়েতকে চিহ্নিত করা হয়েছে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ