রাজ্যের প্রতিটি বিধানসভায় ১০০টি করে অটো, ম্যাজিক ভ্যানের পারমিট দেবে রাজ্য
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি করে নতুন অটো ও ম্যাজিক ভ্যানের পারমিট দেবে সরকার। এব্যাপারে রাজ্যের পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, অটো ও চার চাকার হালকা গাড়ি (ম্যাজিক ভ্যানের) ক্ষেত্রে প্রস্তাবিত রুট কী হবে, সে ব্যাপারে প্রস্তাব পাঠাবেন জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিকরা। তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মালদহেও নতুন করে অটো ও ম্যাজিক ভ্যান নামলে তার প্রস্তাবিত রুট কী হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে মালদহে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছে জেলা প্রশাসন। তবে এই অটো বা ম্যাজিক ভ্যান কেনার ক্ষেত্রে কোনো সরকারি ভর্তুকি মিলবে কি না তা এখনও স্পষ্ট নয়।  শুক্রবার মালদহের অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার বলেন, রাজ্য পরিবহণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি আমরা, যাতে বলা হয়েছে, প্রতিটি বিধানসভা এলাকার জন্য সর্বোচ্চ ১০০টি অটো ও চার চাকা যাত্রীবাহী গাড়ির পারমিট দেওয়া হবে। পরিবহণ দপ্তরের পোর্টালে আবেদন করতে হবে পারমিটের জন্য। জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেখানে এখনও যোগাযোগ ব্যবস্থা খারাপ, অটো বা ম্যাজিক গাড়ির প্রয়োজন রয়েছে এবং যেখানে অটো বা ম্যাজিক ভ্যান চললে রাস্তায় যানজট তৈরি হবে না, সেটা দেখেই পরিবহণ দপ্তর রুট তৈরি করবে। জনপ্রতিনিধিদেরও এব্যাপারে প্রস্তাব দিতে বলা হয়েছে। 

Advertisement