নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবি মরশুমে আলু, আখ সহ যাবতীয় ফসলের বিমা করার জন্য চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার একথা জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের চাষিদের চলতি বছরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনা হয়েছে। এই বিমায় প্রিমিয়ামের বেশিরভাগটাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার বহন করে। চাষিদের প্রিমিয়ামের সামান্য কিছু অংশ দিতে হয়। সেটাও এবার রবি ফসলের বিমায় দিতে হবে না। রাজ্যে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কৃষিপণ্যের যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, কৃষিপণ্যের ক্ষতির জন্য প্রাথমিকভাবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ২০৫ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এর বাইরে পরবর্তী চাষের জন্য চাষিদের ৫ কোটি টাকার বীজ দেওয়া হবে বিনামূল্যে। এবার শস্যবিমার আর্থিক দায় থেকে চাষিদের মুক্ত করা হল।



