সংবিধান দিবসে নেহরু-আম্বেদকর ও আজাদের অবদান শোনাবে রাজ্য, স্কুলে স্কুলে প্রস্তাবনা পাঠের নির্দেশ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: কীভাবে তৈরি হয়েছিল ভারতের সংবিধান? সংবিধান রচনায় জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল? কীভাবেই বা খসড়া সংবিধানকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন ডঃ বিআর আম্বেদকর? দেশের ভবিষ্যৎ প্রজন্মের সামনে সংবিধান প্রণয়নের সেই ইতিহাস তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠের নির্দেশ দিয়েছে বিদ্যালয় শিক্ষা দফতর। একই সঙ্গে নেহরু, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল সহ গণপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের অবদান পড়ুয়াদের সামনে তুলে ধরতে বলা হয়েছে। শুধু আনুষ্ঠানিকতা নয়, আলোচনা, গবেষণা, পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সংবিধানের ইতিহাসের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে চাইছে রাজ্য।

Advertisement

সম্প্রতি, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে রাজ্যের সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি—সমস্ত স্কুলকেই এই উদযাপনের আওতায় আনার কথা বলা হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে শিক্ষা দফতর।
নির্দেশিকা অনুযায়ী, ২৬ নভেম্বর প্রতিটি স্কুলের প্রাতঃকালীন সমাবেশে সমবেতভাবে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। পাশাপাশি, সংবিধান প্রণয়নের ইতিহাস এবং গণপরিষদের সদস্যদের ভূমিকা নিয়ে পড়ুয়াদের গবেষণা ও আলোচনায় উৎসাহিত করতে হবে। বিশেষ করে, নিজ নিজ জেলা ও রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের অবদান তুলে ধরার কথা বলা হয়েছে।
শিক্ষা দফতরের দেওয়া সহায়ক নোটে সংবিধান প্রণয়নে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে জওহরলাল নেহরুর ‘উদ্দেশ্যমূলক প্রস্তাব’-এর কথা উল্লেখ করা হয়েছে। সংবিধানের মূল দর্শন ও নির্দেশক নীতিগুলি নির্ধারণে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সার্বভৌমত্ব, গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের ধারণাকে সংবিধানের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে নেহরুর অবদান পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে। অন্যদিকে, ডঃ বিআর আম্বেদকরের ভূমিকার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গণপরিষদের বিভিন্ন প্রস্তাব ও কমিটির সুপারিশকে আইনি ভাষায় রূপান্তরিত করে সংবিধানের খসড়া প্রস্তুত ও চূড়ান্ত করেছিলেন। মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সংখ্যালঘু ও দুর্বল শ্রেণির সুরক্ষার বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পড়ুয়াদের জানানো হবে।
পাশাপাশি, গণপরিষদের সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদের নিরপেক্ষতা ও ঐকমত্য প্রতিষ্ঠার ভূমিকা এবং মৌলিক অধিকার ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক নির্ধারণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানও তুলে ধরা হয়েছে। সংবিধানে নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় হংস মেহতার ভূমিকা, ধর্মনিরপেক্ষতা ও জাতীয় ঐক্যের প্রশ্নে মৌলানা আবুল কালাম আজাদের অবস্থান এবং উত্তর-পূর্বের উপজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষায় গোপীনাথ বরদলৈর অবদানও আলোচনায় স্থান পাবে। শুধু ইতিহাসচর্চা নয়, পড়ুয়াদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সাংবিধানিক বিষয়বস্তুর উপর পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সংবিধানের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ ও কোলাজ তৈরির মতো কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।