নিজস্ব প্রতিনিধি, মালদহ: কৃষকের লোকসান ঠেকাতে মালদহে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরিতে জোর রাজ্যের। এক্ষেত্রে আগ্রহীদের দেওয়া হবে এক লক্ষ টাকা সরকারি ভর্তুকি। সেইসঙ্গে গ্রিন হাউস ও শেড নেট তৈরিতেও মিলবে অনুদান। জেলা উদ্যানপালন আধিকারিক মলয় মাজি বলেন, চলতি বছর আমরা ৭০টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরির লক্ষ্য নিয়েছি। তবে আরও বেশি কৃষক যদি আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে সরকারি ভর্তুকি পেতে অসুবিধা হবে না। একইসঙ্গে ওই আধিকারিকের দাবি, জনকল্যাণ শিবিরের মাধ্যমে আমরা জেলায় ৩৮টি শেড নেট ও দু›টি গ্রিন হাউস তৈরির আবেদন জমা পড়েছে। অসময়ে ফল-ফুল ও সবজি ফলাতে গ্রিন হাউস তৈরিতে প্রতি বর্গমিটারে খরচ পড়বে ১২০০ টাকা। এর মধ্যে সরকারি ভর্তুকি মিলবে ৬০০ টাকা। শেড নেট তৈরিতে বর্গ মিটার পিছু খরচ হবে সাড়ে চারশো টাকা। এক্ষেত্রে খরচের অর্ধেক অর্থাৎ বর্গ মিটারে ভর্তুকি মিলবে আড়াইশো টাকা।
জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, জেলায় প্রায় দেড়শো হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষ হয়। এর মধ্যে মানিকচক, গাজোল, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকে সবথেকে বেশি হয়। কিন্তু পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র না থাকায় কম দামে ওই পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। সেকারণেই কৃষকদের ২৫ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য।
উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক বলেন, এপ্রিল-মে মাসে কৃষক ৮-৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন। কিন্তু সংরক্ষণ কেন্দ্রে অনায়াসে ৬ মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে। সেক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ওই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন কৃষক।
উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, আয়রন বার দিয়ে ২৫ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়তে ২ লক্ষ ১৫ হাজার টাকার মতো খরচ হবে। এমনভাবে সেটি তৈরি করা হবে যাতে হাওয়া চলাচল করতে পারে।
প্রথমে কৃষক নিজের গাঁটের টাকা দিয়ে ওই পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরি করবেন। এরপর সেটির ছবি তুলে নির্দিষ্ট সরকারি পোর্টালে আপলোড হওয়ার পর কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকির টাকা ঢুকবে।



