রাজ্য এসটিএফ-এর বড়োসড়ো সাফল্য! বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার চার
  • ১ নভেম্বর, ২০২৬ ১১:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মাদক পাচারের বিরুদ্ধে রাজ্য পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালদহের কালিয়াচকের মধুঘাট সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রয় ২.৬৮৮ কেজি। এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসটিএফ জাতীয় সড়কে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। সেই সময় গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই মাদক পাচার চক্রের শিকড় কতদূর, কারা এর পিছনে রয়েছে এবং আন্তঃরাজ্য স্তরে এই নেটওয়ার্ক কীভাবে কাজ করত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই অভিযানের সাফল্যে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ-এর আধিকারিক ও কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তাঁর সমাজমাধ্যমে লেখেন, 'পুলিশের দ্রুত পদক্ষেপ, সমন্বিত অভিযান এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার ফলেই এই বড়সড় সাফল্য এসেছে'। একই সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা মাদক চক্রকে গোড়া থেকে নির্মূল করার লক্ষ্যে তদন্ত চালানোর কথা জানিয়েছেন তিনি। মাদক পাচারকারীদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি জানান, মাদক ব্যবসায়ী, পাচারকারী এবং চক্রের মাথাদের বিরুদ্ধে কোনও রকম আপস করা হবে না। রাজ্য সরকারের অবস্থান, মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।