নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোরবাগান কাণ্ডে ধৃত আটজনের জামিনের আবেদন খারিজ করল আদালত। শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক দু’পক্ষের সওয়াল জবাবের পর তাঁদের ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় অপর এক ধৃত বর্তমানে পুলিশি হেপাজতে রয়েছেন। এদিন মামলা আদালতে উঠলে সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তিনি জানান, মামলার তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। অভিযুক্তদের জামিন হলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। আদালতে কেস ডায়েরিও জমা দেন তিনি। ধৃতদের তরফে আইনজীবী ইয়াসিন রহমান ও অনান্যরা যে কোনো শর্তে ধৃত আটজনের জামিনের আবেদন করেন। তাঁরা জানান, জামিন পেলেও ধৃতরা তদন্তে সহযোগিতা করবেন। তদন্তের কথা ভেবে ও সমস্ত নথি খতিয়ে দেখে আটজনের জামিন নাকচ করে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।



