শিশুকে ধর্ষণ, বাড়ির মালিকের আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির মালিকের এক আত্মীয়ের বিরুদ্ধে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। দত্তপুকুরের নীলগঞ্জের ঘটনা। শুক্রবার রাতে অভিযুক্ত অর্জুন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হাবড়ার রাজবল্লভপুরে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পরিবারের অভিযোগ, বুধবার বাড়ির ছাদে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন অর্জুন। তিনি ওই বাড়ির মালিকের আত্মীয়। ঘটনার পর দিন শিশুকে নিয়ে অন্যত্র চলে যান তার মা। এরপর শুক্রবার পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপরেই থানায় অভিযোগ জানানোর উদ্যোগ নেন তাঁরা। পরিবারের অভিযোগ, নীলগঞ্জ ফাঁড়িতে প্রথমে তাঁদের অভিযোগ নিতে চায়নি পুলিশ। পরে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ পরিবারের। এনিয়ে হাসপাতালের এমএসভিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি। প্রসঙ্গত, বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে এর আগেও চিকিৎসায় গাফিলতি ও পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছিল। এবার ফের কাঠগড়ায় ওই হাসপাতালের পরিষেবা। এদিকে অভিযোগ, একের পর এক ঘটনা সামনে এলেও রাজ্য স্বাস্থ্যদপ্তর এনিয়ে কোনো কার্যকর পদক্ষেপ করেনি। 

Advertisement