কাঠমাণ্ডু, ১ নভেম্বর: ভারী তুষারপাতের জেরে নেপালের ডোলপা জেলায় নিখোঁজ ছয় ভারতীয় পর্যটক। নিখোঁজদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ ও ২জন মহিলা। সেই ফোকসুন্ডো হ্রদের দিকে যাওয়ার পথে নুমা লা ও বাগা লা পর্বত গিরিপথের কাছে নিখোঁজ হয়ে যান তাঁরা। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই সাহায্যের জন্য নেপাল সেনার একটি দল মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, ডোলপার ধো এলাকা থেকে ফোকসুন্ডো হ্রদের দিকে ফেরার সময় প্রবল তুষারপাত হয়। আর ঠিক সেই তুষারপাতের মধ্যেই আটকে পড়েন ওই পর্যটকরা। আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা তাঁদের ওই দুর্গম পথে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই তাঁরা যাত্রা চালিয়ে যান। ডোলপার মুখ্য জেলা আধিকারিক জানিয়েছেন পর্যটকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখনও তাঁদের কোনোরকম সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ মারফত জানা গিয়েছে, উদ্ধারকাজের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই। প্রবল তুষারপাত, প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধারকাজে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। নিখোঁজদের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে ডোলপা জেলা প্রশাসন।



