সিভিক নির্ভরতা ছেড়ে প্রযুক্তিনির্ভর বিট পুলিশিং রাজ্যে, চালু ‘পুলিশ মিত্র’ অ্যাপ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রাম স্তরে পুলিশি পরিষেবাকে আরও জনমুখী এবং কার্যকর করতে ‘বিট পুলিশিং’কে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করল রাজ্য সরকার। প্রতিটি অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার নবান্ন সভাঘরে রাজ্য পুলিশ এবং বিপিআরডির মধ্যে মউ স্বাক্ষর অনুষ্ঠানে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিট পুলিশিং ব্যবস্থায় সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা চলবে না বলেও জানান তিনি। 

Advertisement

এদিন চালু হয় ‘পুলিশ মিত্র’ অ্যাপও। এই অ্যাপের মাধ্যমে বিট পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই অ্যাপে অঞ্চল আধিকারিকরা সরাসরি এলাকার সমস্যা, অভিযোগ ও বিভিন্ন কার্যকলাপের রিপোর্ট নথিভুক্ত করতে পারবেন। ফলে নীচুতলা থেকে রেঞ্জের ডিআইজি বা জোনের এডিজি স্তর পর্যন্ত দ্রুত তথ্য পৌঁছে যাবে। কোন এলাকায় কোন অফিসার দায়িত্বে, তাঁর ফোন নম্বর সবাইকে জানানো হবে। এতে পুলিশ-জনগণ যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়বে এবং অভিযোগের নিষ্পত্তি হবে দ্রুত।
কিন্তু বিট পুলিশিং কী? নির্দিষ্ট কয়েকটি গ্রাম নিয়ে একটি পুলিশি অঞ্চল গঠন এবং একজন নির্দিষ্ট অফিসারকে তার দায়িত্ব বণ্টন। মানুষ সরাসরি ওই অফিসারের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাবেন। ফলে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সুবিধা হবে। মুখ্যমন্ত্রী জানান, এই ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা গ্রহণ সম্ভব হবে। 
মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে পুলিশকর্মীর ঘাটতি যথেষ্ট বেশি। প্রতি এক লক্ষ জনসংখ্যায় পশ্চিমবঙ্গে পুলিশের সংখ্যা ১০৫, যেখানে জাতীয় গড় ১৫৫। এই পরিস্থিতিতে অন্তত ৩৮ হাজার গ্রামে পুলিশ আধিকারিক ছাড়া সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভর করা যাবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, প্রতিটি ৮ থেকে ১২টি গ্রাম নিয়ে একটি অঞ্চল গঠন করা হবে। এসআই বা এএসআইয়ের নেতৃত্বে থাকবে ৫ থেকে ৮ জনের দল। ছোটোখাটো অভিযোগে থানার অপেক্ষা ছেড়ে সরাসরি অঞ্চল আধিকারিককে ফোনে জানাবেন বাসিন্দারা। বড়ো ঘটনার ক্ষেত্রেই থানা হস্তক্ষেপ করবে। জরুরি হেল্পলাইন নম্বর ১০০ ও ১১২ নম্বরের সঙ্গেও অঞ্চল আধিকারিকদের যুক্ত করা হচ্ছে।
যেহেতু অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পরে এরাজ্যে এক প্রকল্প চালু হচ্ছে, তাই বিপিআরডির ডিজি আলোক মিত্তালের কাছে রাজ্যের জন্য তিনমাসের অতিরিক্ত সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী।