নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে এক যোগে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পাঠাল রাজ্য। শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল মিলিয়ে মোট ১,৫৪৫ কোটি টাকা ছাড়া হয়েছে পঞ্চায়েতের তিনটি স্তরের জন্য। এর মধ্যে শর্তাধীন তহবিলের ৯০৫ কোটি টাকা এবং নিঃশর্ত তহবিলের ৬৯৯ কোটি টাকা আছে। শর্তাধীন তহবিলের টাকা ব্যবহার করা হবে নিকাশি এবং পানীয় জল সরবারহ সংক্রান্ত পরিকাঠামো নির্মাণের কাজে। নিঃশর্ত তহবিলের টাকা খরচ হবে অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার জন্য। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই বাংলাকে ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে কেন্দ্র।



