নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার মুনাফার একটি অংশ সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) খরচ করা বাধ্যতামূলক। কোথায় বা কোন কাজে সেই খরচ করা হবে, তার সুষ্ঠু পরিকল্পনা করে উঠতে পারে না বহু সংস্থাই। সেই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। বাংলার সামাজিক উন্নয়নে যাতে যথাযথভাবে সেই টাকা খরচ করা সম্ভব হয়, তার জন্য খোলা হয়েছে পোর্টাল। তার মাধ্যমেই যাতে শিল্প সংস্থাগুলি সামাজিক দায়বদ্ধতা খাতে খরচ করে, তার আহ্বান জানালেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। সোমবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি শিল্পের পাশাপাশি নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী। সেই দপ্তরে আমরা যেসব কাজে শিল্পমহলের সাহায্য চাই, তার তালিকাও তুলে ধরা হয় ওই পোর্টালে। শিল্প সংস্থাগুলি চাইলে সেখানে প্রকল্প ধরে ধরে টাকা খরচ করতে পারে।’ উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘রক্তাল্পতা রোধ বা অপুষ্টির সমস্যা দূর করার ক্ষেত্রে আমরা যে প্রকল্পগুলি নিয়েছি, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে শিল্প সংস্থাগুলি।’



