Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে তৈরি হতে চলেছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'! শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

মহানায়ক উত্তমকুমারের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কলকাতার নিউটাউনে গড়ে উঠছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'।

নিউটাউনে তৈরি হতে চলেছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'! শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কলকাতার নিউটাউনে গড়ে উঠছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'। শুক্রবার সকালে নিউটাউনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Advertisement

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক সহ আরো অনেকে। প্রকল্পটি বাস্তবায়িত করতে প্রাথমিকভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরো জানান, দর্শকদের জন্য এই ফিল্ম সেন্টারে থাকছে ৭৫০ আসনবিশিষ্ট দুটি আধুনিক থিয়েটার এবং ১০০০ আসনের একটি সুবিশাল প্রেক্ষাগৃহ। সিনেমা নির্মাণের অত্যাধুনিক পরিকাঠামো হিসেবে এখানে তৈরি হচ্ছে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, কমিকস এবং উন্নত পোস্ট-প্রোডাকশনের ল্যাবরেটরি ও বিশ্বমানের স্টুডিও। 

ইতিমধ্যে জমি ও মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং ডিপিআর-এর কাজ চলছে। বর্ষা শেষ হলেই পুরোদমে এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'শিল্পের প্রতি এই ভালোবাসায় কোনো রাজনৈতিক বিভাজন বা দল নেই, মহানায়ক সমগ্র বাঙালির গর্ব। নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় ও সর্বস্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।' অনুষ্ঠানে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার বা সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা ঘোষণা করা হয়। 

পুরো কর্মসূচির রূপরেখা ও সমন্বয়ের নেপথ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সঞ্চালনা ও আয়োজকের ভূমিকায় ছিলেন যিশু সেনগুপ্ত। পাশাপাশি রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হরনাথ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বদের সহযোগিতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এটি কেবল ক্ষণিকের উদযাপন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী পরিকাঠামো গড়ে তোলাই এই মহতী প্রকল্পের মূল লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ