নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ভূমি ও ভূমি সংস্কার বিষয়ে বুধবার পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সেখানে বেশকিছু নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, কয়েকজন ভূমি অফিসারের কাজ নিয়ে উষ্মা প্রকাশসহ তাঁদের সতর্ক করেছেন মন্ত্রী। এদিন আলিপুরে জেলাশাসকের উপস্থিতিতে সমস্ত ব্লক ও মহকুমার ভূমি ও ভূমি সংস্কার বিভাগের আধিকারিকদের নিয়ে মিটিং করা হয়।
সূত্রের খবর, পূর্বতন জমানায় যেসব ভুলত্রুটি হয়েছে সেসব সংশোধন করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। মিউটেশন, কনভার্সন প্রভৃতি যেন সময়ের মধ্যেই হয়, বার্তা দেন মন্ত্রী। পরিষেবা পেতে মানুষকে যাতে চরকি পাক খেতে না-হয়, তা দেখার জন্য প্রত্যেককে সতর্ক করেছেন তিনি। কাজ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ফলতার এক রেভিনিউ ইনস্পেক্টরকে। সবাইকে গড়ে রোজ ৩০টি করে মিউটেশন করতে হয়, সেখানে সংশ্লিষ্ট অফিসার মাত্র ১০টি করে করছেন। কেন এমন হচ্ছে, কৈফিয়ত চান মন্ত্রী।
এছাড়া কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার মহকুমায় দুটি ব্লকের ভূমি আধিকারিকের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দীপঙ্করবাবু। এখান থেকে কাজে দেরিসহ নানাবিধ অভিযোগ আসছে বলে তিনি জানান। যেসব সরকারি জমি এখনো বেদখল হয়ে আছে তার সবই পুনরুদ্ধার করার জন্য জেলা প্রশাসনকে উদ্যোগী হতে বলেছেন মন্ত্রী। জেলার সমস্ত সরকারি জমি দ্রুত চিহ্নিত করার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে জেলার একাধিক বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন। সবার মতামত শোনেন মন্ত্রী। নিজস্ব চিত্র



