নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এবার থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের যাবতীয় আর্থিক লেনদেনের হিসেব নিকেশ এক সুতোয় বাঁধতে চলছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘ইউনিফায়েড অ্যাকাউন্টিং সফ্টওয়্যার’, যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘সহজ-সরল’ পোর্টাল। এরফলে রসিদের বিনিময়ে লেনদেন সম্পূর্ণ বন্ধ হতে চলছে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের যাবতীয় আর্থিক লেনদেন হবে এই ‘সহজ-সরল’ পোর্টালের মাধ্যমেই। এনিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত কর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে পুরুলিয়া জেলায়।
গত মঙ্গলবারই পুরুলিয়া জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত কর্তাদের প্রশিক্ষণ হয়। পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার এবং ওই দপ্তরের সমস্ত কর্মী, গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিদেরও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৫ এপ্রিলের মধ্যেই প্রশিক্ষণের কাজ শেষ করতে চাইছে পঞ্চায়েত দপ্তর। চলতি অর্থবর্ষের ‘ব্যাঙ্ক অব অ্যাকাউন্ট’ আগামী ৭ এপ্রিলের মধ্যেই শেষ করতে বলা হয়েছে। তারপর নতুন পোর্টালের মাধ্যমেই যাবতীয় আর্থিক লেনদেনের কাজকর্ম হবে। পুরুলিয়া জেলার পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, এত দিন গ্রাম পঞ্চায়েতস্তরে আর্থিক লেনদেনের হিসেব রাখতে গ্রাম পঞ্চায়েতের ম্যানেজমেন্ট সিস্টেম বা জিপিএমএস পোর্টালের ব্যবহার করা হতো। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ব্যবহার করা হতো ‘আইএফএমএস সরল পোর্টাল’। যদিও আগামী নতুন অর্থবর্ষ থেকে ‘সহজ সরল’ পোর্টালের মাধ্যমেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-ত্রিস্তরের যাবতীয় আর্থিক লেনদেন হবে। ফলে ‘সহজ–সরল’ পোর্টালের সঙ্গেই এবার খাপ খাইয়ে নিতে হবে। এক আধিকারিকের দাবি, নতুন এই পদ্ধতির মাধ্যমে পঞ্চায়েতের সব পর্যায়ে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানোও সম্ভব হবে।
পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, পঞ্চায়েতের তিনটি স্তরেই প্রচুর টাকার লেনদেন হয়। নিজস্ব সম্পত্তির লিজ বা ভাড়া, বিভিন্ন খাতে রাজস্ব আদায় থেকে শুরু করে দরপত্র সংক্রান্ত টাকা জমা পড়ে প্রতিদিন। যদিও আয়ের হিসেব ঠিকমতো পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। তাছাড়া, হাতে লেখা রসিদের মাধ্যমে যে আয় দেখানো হচ্ছিল, তাও সন্তোষজনক ছিল না। সবেতেই গরমিল ধরা পড়ছিল। আধিকারিকদের দাবি, এই ‘সহজ-সরল’ পোর্টালে দুর্নীতি যাতে স্পর্শ করতে না পারে, সেই দিকটিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। এবার থেকে এই রসিদও মিলবে পোর্টাল থেকেই। অনলাইন ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান, পঞ্চায়েত পর্যটনের মতো পরিষেবাকে যুক্ত করা হচ্ছে এই পোর্টালের সঙ্গে। পাশাপাশি কোন কোন খাতে খরচ করা যাবে, তা বেঁধে দেওয়া হয়েছে এই নয়া নিয়মে।