নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুর ব্যারেজের সৌন্দর্যকে এবার রাজ্যের পর্যটন মানচিত্রে ঠাই দিতে উদ্যোগী রাজ্য সরকার। বর্তমানে পর্যটকদের অন্যতম বড়ো আকর্ষণ হল ওয়াটার স্পোর্টস। সারফিং, ওয়াটার পোলো, ওয়াটার বাস্কেটবল সহ জলের মধ্যে হরেক খেলায় মেতে উঠছেন পর্যটকরা। এবার সেসব আধুনিক স্পোর্টসই দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে করা যায় কি না তা নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করল রাজ্য পর্যটন দপ্তর। পাশাপাশি ব্যারেজের চারপাশের সৌন্দর্য আরও বাড়িয়ে কটেজ গড়ে ইকো টুরিজমে কী ভবিষ্যত রয়েছে তাও জেলাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। প্রকল্পটি বাস্তবসম্মত হলে পর্যটন দপ্তরকে ডিপিআর জমা করতেও বলা হয়েছে। শুধু দুর্গাপুর ব্যারেজ নয়, দুর্গাপুরের প্রাচীন রাঢেশ্বর শিব মন্দিরের উন্নয়ন করে হেরিটেজ ইকো টুরিজম গড়ার প্রস্তাবও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসক পোন্নমবলম এসকে দিয়েছেন পর্যটন দপ্তরের সচিব। উল্লেখ্য, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ব্যারেজের সামগ্রীক উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাবের কথা আগেও উল্লেখ করেছেন। তিনিই রাজ্যের পর্যটন দপ্তরকে চিঠি লিখে ওয়াটার স্পোর্টস ও ইকো টুরিজম গড়ার প্রস্তাব দেন। একইভাবে রাঢেশ্বর শিব মন্দিরের উন্নয়ন পরিকল্পনাও তাঁরই দেওয়া প্রস্তাব। এই দুই প্রস্তাব নিয়েই পর্যটন দপ্তরের উদ্যোগকে নিজের সোশ্যাল সাইটে তুলে ধরেছেন চন্দ্রশেখরবাবু। বিধায়ক বলেন, দুর্গাপুর ব্যারেজ লাগোয়া বীরভানপুরে একটি ক্যানেল রয়েছে। সেটিকে বৃহৎ ওয়াটার রিজার্ভারের রূপ দিয়ে সেখানে ওয়াটার স্পোর্টস চালু করা যেতে পারে। এর ফলে দুর্গাপুরবাসীর বিকল্প জলের উৎস থাকবে ও যেখানে পর্যটনেরও বিকাশ হবে। এখানে কটেজ হলে নতুন করে বহু মানুষের কর্মসংস্থান হবে। একই ভাবে রাঢেশ্বর শিবমন্দিরের উন্নয়ন নিয়েও পর্যটন দপ্তর তৎপর হয়েছে। দুর্গাপুর ব্যারেজ।-নিজস্ব চিত্র



