নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ষার শুরুতেই আরামবাগে রাজ্য সড়কের খানাখন্দগুলি ডোবায় পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি হয় আরামবাগজুড়ে। তার জেরেই রাস্তার খানাখন্দগুলি পুকুরের চেহারা নিয়েছে বলে অভিযোগ। আরামবাগ শহরের গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে রয়েছে। অন্যদিকে, বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার কঙ্কাল বেরিয়ে এসেছে। বিভিন্ন জায়গায় গর্তের পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে বৃষ্টির জল। ফলে চালকদের অসুবিধায় পড়তে হচ্ছে। দ্রুত রাস্তার ওই অংশগুলি মেরামতির আর্জি জানিয়েছেন বাসিন্দারা। এই ব্যাপারে পূর্তদপ্তরের আরামবাগ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে বলেন, বলরামপুর-মায়াপুর রাস্তার অংশে কাজ করার ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার সময় পিচের কাজ করা সমস্যার। তাই আপাতত সেখানে প্যাচ ওয়ার্ক হবে। ধাপে ধাপে রাস্তাটির আমূল সংস্কারও করা হবে কয়েক বছরে।
পূর্তদপ্তরের দাবি, শহরের বিভিন্ন রাস্তার বেহাল অংশ দ্রুত মেরামতি করা হচ্ছে। সম্প্রতি নেতাজি স্কোয়ার সংলগ্ন অংশে প্যাচ ওয়ার্ক হয়েছে। গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড়ের বেহাল অংশেও দ্রুত মেরামতির কাজ করা হবে। তারসঙ্গে নজর রাখা হয়েছে রাস্তার অন্য অংশেও।
উল্লেখ্য, এদিন নাগাড়ে বৃষ্টি হওয়ায় আরামবাগ-কলকাতা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের বিভিন্ন বেহাল অংশে যেমন জল জমে, একইভাবে শহরের ভেতরে পাড়ার রাস্তাগুলিতেও বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে যায়। নিকাশি নালাগুলিও কার্যত জলে ভরে গিয়েছে। রাস্তায় জল জমার ফলে চলাচলে সমস্যা হয় বাসিন্দাদের। আরামবাগ বাসস্ট্যান্ডেও বিভিন্ন গর্তে জমেছে বৃষ্টির জল।
স্থানীয় বাসিন্দা মুকুন্দ পাল, আশিস ঘোষ বলেন, শহরের বেহাল রাস্তাগুলির একাংশে এদিন কিছু সময় বৃষ্টির জল জমে গিয়ে চলাচলে অসুবিধা হয়। তারসঙ্গে ফোর লেনের মাঝে অসম্পূর্ণ জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত অংশও বিপর্যস্ত হয়েছে। মুথাডাঙা এলাকায় বৃষ্টির জল জমে গিয়েছে। তা পেরিয়েই যাতায়াত করছে যানগুলি। চাকায় লেগে ওই নোংরা জল পথচলতি মানুষের গায়ে লাগছে।
আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, এখনও পর্যন্ত জল জমার কোনও খবর নেই। রাস্তায় জল জমলে কিছু সময় পর তা নেমেও যাচ্ছে। নিকাশি নালাগুলি থেকে দ্রুত পলি তুলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই কাজ চলছেও। ফলে এবার বর্ষায় সমস্যা হবে না।