নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে উত্তরবঙ্গের তিন জেলার প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোম পরিদর্শন শুরু করছে নব গঠিত স্বাস্থ্য কমিশন। বুধবার কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, উত্তরবঙ্গে পরিদর্শন শুরু করছে কমিশন। আগামীকালই যেতে পারি। কমিশন সূত্রের খবর, যেসব জেলায় চেয়ারম্যান ও কমিশনের সদস্যরা পরিদর্শনে যেতে পারেন, সেগুলি হল—জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিচার। তিন জেলার ৩০-৪০টি প্রাইভেট হাসপাতাল-নার্সিংহোম ঘুরে দেখবেন তাঁরা। এদিকে ভুয়ো ডাক্তার কাণ্ডে কমিশনের চেয়ারম্যান জানান, স্বীকৃত ডিগ্রি খতিয়ে না দেখে ভুয়ো চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। কমিটি নতুন করে গঠন করার পর এদিন প্রথম বৈঠকে বসেন চেয়ারম্যানসহ সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বলেন, কমিশনের নতুন রেগুলেশন গঠন করা হবে। গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো হতে পারে।



