Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের ৫ লক্ষ টাকা অনুদান কান্দির রাজবাড়ির রথযাত্রাকে

কান্দির ঐতিহ্যবাহী রথযাত্রায় ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার। এতে খুশি রথযাত্রা কমিটি। বিস্তারিত পড়ুন।

রাজ্যের ৫ লক্ষ টাকা অনুদান কান্দির রাজবাড়ির রথযাত্রাকে
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: কান্দির প্রাচীন রাজবাড়ির রথযাত্রায় এবার নতুন পালক জুড়তে চলেছে। কান্দির এই রথযাত্রা কমিটিকে পাঁচলক্ষ টাকা সরকারি অনুদান দিতে চলেছে বিজেপি সরকার। এখবরে খুশি কান্দি রাজবাড়ির রাধাবল্লভ জিউ মন্দির রথযাত্রা কমিটি।

Advertisement

কান্দি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্য সরকারের তরফে ২৫টি রথযাত্রা কমিটিকে এবছর অনুদান দেওয়া হচ্ছে। সেই তালিকায় কান্দি রাজবাড়ির রথযাত্রা কমিটি রয়েছে। আয়োজক কমিটিকে তা জানানো হয়েছে। আগামী সোমবার জেলাশাসকের অফিসে কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক হবে।
কান্দির ঐতিহ্যবাহী রথযাত্রা প্রায় ২৫০বছর আগে শুরু হয়। কান্দির রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু এর প্রচলন করেন। শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে রথের শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে। তাতে হাজার হাজার ভক্ত অংশ নেন। রাধাবল্লভ জিউর মন্দিরের সামনে সাতদিন ধরে রথের মেলা চলে। সেখানে নানা গ্রামীণ সামগ্রী বিক্রি হয়।
২০০৪সালে একটি অঘটনের পর থেকে স্থানীয়রা রথযাত্রার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। তখন থেকে এলাকার মানুষই চাঁদা তুলে এই প্রাচীন রথযাত্রা পরিচালনা করে আসছে। রথযাত্রা উপলক্ষ্যে সাতদিন ধরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এবছর রাজ্য সরকারের তরফে পাঁচলক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণার পরেই কমিটির সদস্যদের মধ্যে খুশির হাওয়া বইছে। রথযাত্রার অনুষ্ঠানেও বদল আনা হচ্ছে। রথযাত্রা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র বলেন, রাজ্য সরকারের সহযোগিতায় আমরা কান্দির রথযাত্রা আরো ভালোভাবে আয়োজন করতে পারব। তিনটি রথেরই পরিকাঠামোর পরিবর্তন করা হচ্ছে। শোভাযাত্রায় প্রতিবছর ৪০টি হরিনাম দল থাকলেও এবার তা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। বাদ্যকর দলের সংখ্যাও বাড়ানো হবে। আগে স্থানীয় শিল্পীদের নিয়ে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হত। এবার বহিরাগত শিল্পীদের আনা সম্ভব হবে বলে কমিটির সদস্যরা মনে করছেন।
প্রতিবছর প্রায় ১০হাজার মানুষের জন্য অন্ন মহোৎসবের ব্যবস্থা করা হয়। এবার তাতে মিষ্টি, দই, বোঁদে, পায়েস যোগ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বিজেপি নেতা তথা রথযাত্রা কমিটির সহকারী সম্পাদক গৌরাঙ্গগোপাল সাহা বলেন, এই অনুদানের জন্য কান্দিবাসীর তরফে রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোজা রথের দিন না হলেও উলটোরথের দিন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ উৎসবে যোগ দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ