শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা আইন  প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা আইনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বুধবার জানিয়েছেন। ৪ ডিসেম্বর থেকে রাজ্য বিধানসভার যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সেখানে আইনটি তুলে নেওয়ার জন্য একটি ‘রিপিল’ বিল আনা হচ্ছে। 

Advertisement

১৯৭৬ সালের আরবান ল্যান্ড সিলিং আইনটি ১৯৯৯ সালে কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নেয়। রাজ্যগুলিকেও তা করতে বলা হয়েছিল। কিন্তু দেশের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গেই আইনটি চালু আছে। আইনটি প্রত্যাহার করা নিয়ে অনেকবছর ধরেই টানাপোড়েন চলছে। শিল্পমহল এবং ডেভেলপার সংস্থাগুলি দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছিল। শিল্প, নির্মাণসহ পরিকাঠামো ক্ষেত্রে আরও সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণের জন্যই এই পদক্ষেপ। কিন্তু বামফ্রন্ট সরকার এবং পরবর্তীকালে তৃণমূল সরকার এই আইনটি তুলতে রাজি হয়নি। শহর এলাকায় বেশি জমির একচেটিয়া মালিকানা দেওয়ার ব্যবস্থা হলে সাধারণ মানুষের স্বার্থহানি হতে পারে, এই আশঙ্কাই ছিল কোনো কোনো মহলের। 
আরবান ল্যান্ড সিলিং আইনে শহরাঞ্চলে শ্রেণি অনুযায়ী ৫০০ বর্গমিটার (সাড়ে ৭কাঠা) থেকে ২০০০ বর্গমিটারের (৩০ কাঠা) বেশি খালি জমির পুরো মালিকানা কেউ পেতে পারেন না। গ্রুপ এ শ্রেণির শহরের জন্য ৫০০ বর্গমিটার, গ্রুপ বি-র জন্য ১ হাজার বর্গমিটার, গ্রুপ সি-র জন্য ১৫০০ বর্গমিটার  ও গ্রুপ ডি-র জন্য ২ হাজার বর্গমিটার জমির  ঊর্ধ্বসীমা রয়েছে এই আইনে। কলকাতা পুরসভার ১-১০০ নম্বর ওয়ার্ড গ্রুপ এ-র আওতায় আছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদীয়া জেলার শহরাঞ্চলের কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল ঊর্ধ্বসীমা আইনের আওতায় আছে। 
এই আইনটির জন্য কোনো ব্যক্তি বা সংস্থা এসব এলাকায় নির্ধারিত সীমার থেকে বেশি খালি জমি সরাসরি কিনে নিতে পারেন না। নির্ধারিত জমির থেকে বেশি জমির উপর কোনো প্রকল্প গড়ার জন্য জমি লিজে নিতে হয়। এই বিধিনিষেধ থাকাতেই রাজ্যের শহরাঞ্চলে বেশি জমির উপর কোনো প্রকল্প গড়ার ক্ষেত্রে নানা অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ ছিল শিল্পমহলের। রাজ্যের বর্তমান সরকারের একাধিক মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব এই আইনটি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, এই আইনটি তুলে দেওয়ার ব্যাপারে রাজ্য মন্ত্রিসভা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।