সংবাদদাতা, উলুবেড়িয়া: অতি বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন ব্লকেও চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সোমবার উত্তরবঙ্গের উত্তরকন্যা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণার পরই এদিন বিকেলে উলুবেড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনে জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী বলেন, জেলার ১৪টি ব্লকে মোট ৩৫ হাজার ৯২ জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। জেলায় ১০ হাজার ২৮০ হেক্টর জমির ধান ও ১ হাজার ৩২১ হেক্টর জমির সব্জি নষ্ট হয়েছে। জেলার ২১ হাজার ৭৫০ জন ধানচাষি ও ১৩ হাজার ৩৪২ জন সব্জিচাষিকে কৃষক বিমার মাধ্যমে সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি জেলার ১৭ জন গৃহহীনকে বাড়ি তৈরির জন্য প্রথম পর্যায়ে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই সাহায্য করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি।
হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান।