রাহুল চক্রবর্তী, কলকাতা: রং বদল। নাম বদল। নীল ছেড়ে গেরুয়া। প্রাণ ধারা ছেড়ে গঙ্গাধারা। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ‘রং’-এর পরিবর্তন ক্রমবর্ধমান। রাজ্য প্রশাসনের সদর দপ্তর ‘নবান্ন’-এর নামকরণ তৃণমূল জমানায় ছিল নীল-সাদায়। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর তা হয়েছে গেরুয়া রঙে সুসজ্জিত। এমনকি রাস্তার রেলিং, ব্যারিকেড, সরকারি দপ্তর সাজানো, বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সবেতেই গেরুয়া ছোঁয়া লক্ষ করা যাচ্ছে। সেই সূত্রেই এবার রাজ্য সরকারের উদ্যোগে তৈরি নিজস্ব জলের বোতলের নাম ও রঙেও পরিবর্তন। রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে পানীয় জলের বোতল তৈরি করা হয়। তা সরবরাহ করা হয় সরকারি বিভিন্ন অনুষ্ঠানে। তৃণমূল জমানায় এই জলের বোতলের নাম ছিল ‘প্রাণ ধারা’। নীল-সাদায় প্রাণ ধারা বোতলের লেবেল ছিল তখন। এমনটি বোতলের ঢাকনাও ছিল নীল রঙের।
কিন্তু বিজেপি জমানায় এই জলের বোতলের নাম বদল করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, ‘গঙ্গাধারা’। গেরুয়া রঙের বোতলের লেবেল করা হয়েছে। এমনকি বোতলের ঢাকনাতেও রঙের পরিবর্তন। জলের বোতল ও লেবেলের ডিজাইনেও পরিবর্তন করা হয়েছে।রাজনৈতিক মহলের কারবারিরা বলছেন, অনেক কিছুর নাম পরিবর্তন হচ্ছে। রং বদল করা হচ্ছে। সেক্ষেত্রে জলের বোতলই-বা বাদ যাবে কেন?
ঘটনাচক্রে এই প্রসঙ্গেই উঠে এসেছে রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি। রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। বাংলা, হিন্দি, ইংরেজি ভাষাতেই লেখা হবে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’। এই সংক্রান্ত বিল বিধানসভার আগামী অধিবেশনে আনতে চলেছে রাজ্য সরকার। এর আগে তৃণমূল জমানায় রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। নাম পরিবর্তনের প্রস্তাব নেওয়া হয় তিনবার। বিধানসভায় বিলও পাস করিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। তারা রাজ্যের নাম ‘বাংলা’ করার দিকে ঝুঁকেছিল। কিন্তু সে প্রস্তাবে সম্মতি দেয়নি দিল্লি।



