গঙ্গাসাগর মেলা আয়োজনে ২৭০  কোটি অনুমোদন রাজ্য সরকারের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলা এবার বহরে অনেকটাই বড়ো হতে চলেছে। অন্যান্য বছরের তুলনায় ব্যবস্থাপনাও বাড়ছে অনেকটা। কোনো খামতি রাখতে নারাজ প্রশাসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারই প্রথম গঙ্গাসাগর মেলা পরিচালনা করবে বিজেপি সরকার। এই মেলা উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকার ২৭০ কোটি টাকা অনুমোদন করেছে। প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার আলিপুরে মেলার প্রস্তুতি বৈঠকে এই আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যান্য বছর এই বাজেট ২০০ কোটির আশপাশে থাকে বলে জানা গিয়েছে।

Advertisement

এবার মেলা চলাকালীন সাগরদ্বীপে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি দোকানে আমিষ খাবার বিক্রির ক্ষেত্রেও বিধিনিষেধ জারি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, মেলা প্রাঙ্গণে যত দোকান থাকবে, সেগুলিতে মালিকের নাম বাংলা ও হিন্দিতে লিখে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।
পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি সারতে বলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক সূত্রে খবর, তিনি জেটিঘাটগুলির অডিট করতে বলেছেন। এছাড়াও মেলার বিভিন্ন অংশে ফায়ার অডিটেরও নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকেই মনে করছেন, চোরবাগানে মতো পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপের কথা ভাবা হয়েছে। মেলা শুরুর আগে সাগর ও কাকদ্বীপে লট এইটে যেসব সরকারি অফিস বা বিল্ডিং আছে, সেগুলির রং গেরুয়া ও সাদা করার কথা বৈঠকে বলা হয়েছে। মেলার সময় সেই ভবনগুলিকে আলো দিয়ে সাজাতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং যাতে ভালোভাবে হয়, সেদিকে জেলা প্রশাসনকে নজর রাখতে বলেছেন। যাতে সহজেই ভেসেলগুলি চলাচল করতে পারে। 
আপাতত ২৭০ কোটি বরাদ্দ হলেও যেভাবে কাজ হচ্ছে, তাতে গঙ্গাসাগর মেলার বাজেট আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল মদ ও আমিষ খাবার বিক্রি। বৈঠক সূত্রে খবর, ১০-১৭ জানুয়ারি সাগরদ্বীপে কোনো মদের দোকান খোলা যাবে না। এ বিষয়ে জেলার পুলিশ-প্রশাসনকে নজরদারি করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি, আমিষ খাবার নিয়ে সনাতনী সংগঠনগুলির সঙ্গে পরামর্শ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।