নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২২ জুন, সোমবার রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। গুরুত্বপূর্ণ সেই রাজ্য বাজেটের আগে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রক সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন স্বপনবাবু। এদিন ‘বর্তমান’কে সেই ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। বুধবার একান্তে স্বপনবাবুর কাছে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, ‘রাজ্যের সবক’টি সমস্যা নিয়েই নির্মলা সীতারামনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটে তিনিই আমাদের যাবতীয় দিশা দেখাবেন।’ একইসঙ্গে এদিন ‘বর্তমান’কে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘আগামী মাসে বাংলায় যাবেন নির্মলা সীতারামন।’ রাজ্যের ঘাড়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনা রয়েছে। এত বিপুল দেনা
নিয়ে এগনোই তাঁর কাছে চ্যালেঞ্জ। সীতারামনকে এমনটাই জানিয়েছেন স্বপন দাশগুপ্ত বলে সরকারি সূত্রে দাবি। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের অর্থমন্ত্রীর মধ্যে। এক্ষেত্রে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিঙ্গুর। আগামী মাসে রাজ্যে গেলে সীতারামনের সঙ্গে এব্যাপারে
জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার স্বপনবাবু প্রথমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি যান নয়াদিল্লির কর্তব্যভবনে অর্থমন্ত্রকের কার্যালয়ে। সেখানে নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়। পরে স্বপনবাবু বলেন, ‘কেন্দ্রের সঙ্গে সার্বিক সহযোগিতা করে চলাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয়।’ বলা বাহুল্য, এক্ষেত্রে তিনি নাম না করেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। গেরুয়া শিবিরের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরে বারবার কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেছেন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ডাকা অধিকাংশ বৈঠকও বয়কট করেছেন তিনি। স্বপন এদিন বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের নতুন ‘ডবল ইঞ্জিন’ সরকারে এহেন পরিস্থিতি আর তৈরি হবে না। রাজ্য যে আর্থিক ঋণের ভারে জর্জরিত হয়ে রয়েছে, তা এই মুহূর্তে আর গোপন কোনো বিষয় নয়। ফলে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে প্রত্যাশিতভাবেই আকর্ষণ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর এহেন প্রাক বাজেট বৈঠক তাই অত্যন্ত লক্ষ্যণীয় হয়ে উঠেছে বিশেষজ্ঞ মহলের কাছে। স্বপনবাবু অবশ্য বলেছেন, ‘অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আমার সঙ্গে নির্মলা সীতারামনের দেখা হল। এটি সৌজন্য সাক্ষাত।’ আবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ী নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আসন্ন পশ্চিমবঙ্গ বাজেটকে আরও বাস্তবমুখী এবং জনকল্যাণমূলক করার লক্ষ্যেই স্বপন দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। রাজ্যের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বিকশিত পশ্চিমবঙ্গ তৈরির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে সমৃদ্ধ বাংলা গঠনের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ।’ ছবি: পিটিআই