ইন্দোর: ‘প্রকৃত ছাত্র’ প্রশ্ন করে। আর ‘অন্ধভক্ত’ প্রশ্নকর্তার সমালোচনা করে। শনিবার ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে এভাবেই সরব হলেন রাহুল গান্ধী। এদিন তিনি বেকারত্ব, কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা, প্রশ্ন ফাঁস এবং বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘এখন ছাত্রদের দেখে শাসনব্যবস্থা শঙ্কিত বোধ করে। কেন? কারণ ছাত্ররা প্রশ্ন করে। তাদের প্রশ্ন, কীভাবে অমিত শাহের ছেলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হলেন। কীভাবে দু’জন ব্যক্তি ভারতের সমগ্র ব্যবসায়িক পরিসর দখল করতে সক্ষম হলেন। কেন বিচার বিভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠান তাদের কাজ করতে ব্যর্থ হয়। কেন নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করছে না। এই কারণেই শাসনব্যবস্থা ছাত্রদের পছন্দ করে না। তারা কেবল ‘অন্ধভক্ত’ চায়। একজন অন্ধভক্ত হল একজন ছাত্রের বিপরীত। একজন ছাত্র কৌতুহলী থাকে। আর অন্ধভক্ত বিভ্রমের জগতে বাস করে। তারা কাপুরুষ।’



