নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতিসত্তার দাবিকে সামনে রেখে পুজোর আগে, আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছেন কুড়মিরা। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের ৪০টি স্টেশনে তাঁদের তরফে অবরোধের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচি অনুসারে ঝাড়খণ্ডেরও একাধিক স্টেশনে অবরোধ হওয়ার কথা রয়েছে। কুড়মিদের এই অবরোধ আন্দোলনকে অনেক আগেই ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ অবরোধ রুখতে রাজ্যকে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অবরোধ ঠেকাতে রাজ্যকে সেই অনুযায়ীই সবরকম পদক্ষেপ করতে হবে। হাইকোর্টের নির্দেশ মেনে অবরোধ রুখতে কোমর বেঁধে নামছে প্রশাসন।



