Bartaman Logo
১০ জুন, ২০২৬

কর্মীর পেনশন ও গ্র্যাচুইটি কাটতে পারে না রাজ্য: ছত্তিশগড় হাইকোর্ট

কর্মীর পেনশন ও গ্র্যাচুইটি কাটতে পারে না রাজ্য: ছত্তিশগড় হাইকোর্ট
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: রাজ্য সরকার কোনও কর্মীর পেনশন, গ্র্যাচুইটি বা অন্য সুবিধার টাকা কেটে নিতে পারে না। এক্ষেত্রে প্রশাসনিক নির্দেশ থাকলেও তা কার্যকর হবে না। একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল ছত্তিশগড় হাইকোর্ট। শুধুমাত্র স্পষ্ট আইনি বিধান থাকলেই এই সুবিধা আটকানো যেতে পারে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রাজকুমার গোনকার এই মামলা করেছিলেন। গত বছরই তিনি মারা যান। রাজকুমারের প্রাপ্য যাবতীয় টাকা তাঁর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় বিচারপতি বিভু দত্ত গুরু বলেছেন, ‘গ্র্যাচুইটি বা পেনশন কোনও অনুগ্রহ নয়। একজন কর্মী দীর্ঘসময় ও বিশ্বস্তভাবে কাজ করার জন্য এই সুবিধা অর্জন করেন। তাই এই কষ্টার্জিত সুবিধা একজন কর্মীর কাছে সম্পত্তির সমান। সংবিধানের ৩০০এ ধারা অনুযায়ী, নির্দিষ্ট আইনি বিধান ছাড়া কারও সম্পত্তি কেড়ে নেওয়া যায় না।’

Advertisement

২০১৮ সালের জানুয়ারিতে রাজকুমার ডেপুটি ডিরেক্টর হিসেবে অবসর নেন। কিন্তু তাঁর অবসরের পর সরকার টাকা আত্মসাতের অভিযোগে শোকজ নোটিস দেয়। পরে সরকার নির্দেশ দেয়, শাস্তিস্বরূপ রাজকুমারের পেনশন থেকে ৯ লক্ষ ২৩ হাজার টাকা কেটে নেওয়া হবে। রাজকুমার যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। কিন্তু রাজ্য সরকার পেনশন কেটে নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন রাজকুমার। রায় দেওয়ার সময় হাইকোর্ট জানিয়েছে, কোনও বিভাগীয় বা বিচারবিভাগীয় তদন্তে রাজকুমার দোষী প্রমাণ না সত্ত্বেও রাজ্য সরকার একতরফা নির্দেশ দিয়েছে। যা ছত্তিশগড়েরর পেনশন আইনের পরিপন্থী। আদালতের নির্দেশ, রাজকুমারের পেনশন থেকে যে টাকা কেটে নেওয়া হয়েছে, তা ৪৫ দিনের মধ্যে তাঁর পরিবারকে ফেরত দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ