সংবাদদাতা, ঘাটাল: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘাটাল শাখার উদ্যোগে মেগা ক্রেডিট ক্যাম্প হল। বৃহস্পতিবার ঘাটাল শহরের কোন্নগরে ব্যাঙ্কের শাখায় ওই ক্যাম্প থেকে আড়াই কোটির বেশি টাকা ঋণ দেওয়া হয়। ঘাটাল ব্যাঞ্চের চিফ ম্যানেজার সায়ন্তন সেনগুপ্ত বলেন, এদিন ক্যাম্প থেকে স্বয়ংসিদ্ধা প্রকল্পে ২০টি লোন দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঋণের পরিমাণ ছিল দেড় থেকে দু’লক্ষ টাকা। স্বনির্ভর গোষ্ঠীর ২৫টি গ্রুপকে প্রায় এক কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। নতুন ১৫টি কেসিসি ঋণ দেওয়া হয়েছে। যার পরিমাণ ১৫ লক্ষ টাকা। কৃষি-স্বর্ণ ঋণ ১৭লক্ষ টাকার, হার্ভেস্টার মেশিন কেনার জন্য দু’জনকে মোট ৬৩লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। এদিন ওই ক্যাম্পে হাজির ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ব্যাঙ্কের হাওড়া মডিউলের ডিজিএম(হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) অজিত পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার(পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) সন্দীপন মুখোপাধ্যায়, ব্যাঙ্কের আইনজীবী সমীরকুমার ঘোষ প্রমুখ। সমীরবাবু বলেন, গ্রাম বাংলার অসংখ্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থান শক্ত করেছেন। তবে ঋণের প্রক্রিয়া জটিল হওয়ায় অনেকেই বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে পারছিলেন না। এই সমস্যা দূর করতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ‘স্বয়ংসিদ্ধা’র মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়াও এদিন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, কেসিসি, স্বর্ণ ঋণ পেয়ে বহু মানুষ উপকৃত হয়েছেন।



