নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী ত্রিবেণী শ্মশানের তৃতীয় বৈদ্যুতিক চুল্লির জন্য টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শুক্রবার ওই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। গোটা ঘটনায় উচ্ছ্বসিত বাঁশবেড়িয়া পুরসভা। ত্রিবেণী শ্মশানঘাটে হুগলি জেলা তো বটেই পূর্ব বর্ধমান জেলা, আসানসোল, ধানবাদ এমনকী বিদেশ থেকেও মানুষ দাহকাজের জন্য আসেন। দু’টি বৈদ্যুতিক চুল্লি থাকার পরেও পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। কারণ, কোনও একটি চুল্লি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হলে বিরাট সমস্যা তৈরি হয়ে যেত। এই অবস্থাতেই তৃতীয় চুল্লির জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছিল। শেষপর্যন্ত রাজ্য সরকার সেই বিষয়ে পদক্ষেপ করেছে।
বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ২ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি টাকা অনুমোদন হয়েছে। কাজ করবে কেএমডিএ। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। ত্রিবেণী শ্মশানে তৃতীয় বৈদ্যুতিক চুল্লি অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা পুরমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বলেন, গ্রামীণ এলাকার মানুষের জন্যও একটি বড় প্রকল্প সরকার অনুমোদন করে দিল। এনিয়ে পুরমন্ত্রীর কাছে বারবার স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরেছিলাম। শেষপর্যন্ত সেই কাজ হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তৃতীয় চুল্লি নির্মাণ হয়ে গেলে ত্রিবেণীঘাটের উপচে পড়া অনেকটা সামাল দেওয়া যাবে। পাশাপাশি, সাধারণ কাঠের চুল্লিতে মৃতের সৎকার পর্ব পুরোপুরি বন্ধ হয়ে যাবে ত্রিবেণী ঘাট থেকে। নিজস্ব চিত্র