Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তোর্সায় বাঁধ তৈরিতে সাড়ে ১৪ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগানের পাশে তোর্সা নদীতে বাঁধ তৈরির জন্য সাড়ে ১৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

তোর্সায় বাঁধ তৈরিতে সাড়ে ১৪ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগানের পাশে তোর্সা নদীতে বাঁধ তৈরির জন্য সাড়ে ১৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার ওই বরাদ্দের কথা জানান এলাকার বিধায়ক রাজ্যের স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী বিশাল লামা। সুভাষিণী বাগান ছাড়াও ভবিষ্যতে তোর্সার আগ্রাসন থেকে গুরুদ্বার,  ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ও নিউ হাসিমারা এলাকার সুরক্ষার স্বার্থে এই বাঁধ তৈরি করা হবে। 

Advertisement

মন্ত্রী বলেন, তোর্সায় বাঁধ দিতে সাড়ে ১৪ কোটি টাকা মঞ্জুর হয়েছে। মোট ২.২ কিমি বাঁধটি তৈরি হবে। বাঁধের উচ্চতা হবে ১০ ফুট। বর্ষা শুরু হয়ে গেলেও অর্থ বরাদ্দ হওয়ায় দ্রুত কাজে নামা হবে। 
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর দুর্যোগে সুভাষিণী বাগানের কাছে তোর্সার বাঁধ ভেঙে যায়। জল ঢুকে পড়ে বাগানে। তলিয়ে যায় ৯২ হেক্টর নতুন প্ল্যান্টেশন। বালি, পলি ও ডলোমাইট পড়ে শ্রমিক লাইনগুলিও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বাগানের কাছে নদী আগের গতিপথ বদল করে পূর্বদিকে এগিয়ে আসছে। ফলে আরও বিপন্ন অবস্থা বাগান সহ সংলগ্ন এলাকার। বিগত তৃণমূল সরকারের আমলে তোর্সার বাঁধ ভেঙে গেলেও সেটি আর তৈরি হয়নি। এবার সেই ভাঙা বাঁধই মজবুত করে তৈরি করা হবে বলে জানান মন্ত্রী। 
দু’দিন আগে সেচদপ্তরের জেলা আধিকারিকরা তোর্সার ভাঙা অংশ পরিদর্শন করে যান। সুভাষিণী চা বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস বলেন, সরকারি এমন সিদ্ধান্তে আমরা খুশি। আশা করছি, দ্রুত কাজ শুরু হবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ