নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুড ইতিমধ্যেই শীর্ষে উঠেছে। আজ মহাসপ্তমী থেকে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। কারণ, আজ শনিবার থেকে মহানগরীতে সারারাত ধরে মেট্রো চলতে শুরু করবে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রোর পরিষেবা মিলবে। সেই সূত্রে আজ থেকে দশমী তিথি অবধি কলকাতা মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম ও রেকগুলিতে নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। লক্ষ লক্ষ যাত্রীর মসৃণ যাত্রা ও সুরক্ষাকে নিশ্চিত করতে আগাম এই ব্যবস্থা নিয়েছে রেল রক্ষী বাহিনী (আরপিএফ)। উৎসবের দিনগুলিতে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আরপিএফ শহরের লাইফ লাইনকে অতিরিক্ত নিরাপত্তার বেড়াজালে ঘিরে রাখবে। যাকে কেন্দ্র করে একগুচ্ছ আদর্শ সুরক্ষা বিধি তৈরি করেছে কলকাতা মেট্রো। যার মধ্যে অন্যতম হল, অতীতের ভিড়ের রেকর্ড মূল্যায়ন করে স্পর্শকাতর স্টেশনগুলিতে বাড়তি সুরক্ষা বাহিনী মোতায়েন রাখা। সংশ্লিষ্ট স্টেশনগুলি হল, দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, শোভাবাজার-সুতানটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মাস্টারদা সূর্য সেন, এসপ্ল্যানেড, হাওড়া, হাওড়া ময়দান, শিয়ালদহ।
এছাড়া ভিড় নিয়ন্ত্রণে বাড়তি আরপিএফ ও মেট্রো কর্মী সংশ্লিষ্ট স্টেশনগুলিতে ডিউটিতে থাকবে। আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় একাধিক ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং পর্যাপ্ত মহিলা আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে মেট্রো স্টেশনগুলিতে। নারী নিরাপত্তায় বিশেষ মহিলা নিরাপত্তা রক্ষী সদা প্রস্তুত থাকবে স্টশনগুলিতে। কেবলমাত্র যাত্রীদের ভিড় রয়েছে এমন জায়গা ছাড়াও মিড-পয়েন্ট শ্যাফ্ট, কুলিং টাওয়ার, পাম্প হাউস, সাব-স্টেশনগুলিতে বিশেষ প্রহরা থাকবে। পুজোর দিনগুলিতে মেট্রো রেক যেখানে থাকে, সেই জায়গা অর্থাৎ নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ, সেন্ট্রাল পার্ক, জোকা কারশেডে বাড়তি আরপিএফ মোতায়েন করা হবে। মেট্রো রেলের ডগ স্কোয়াড সক্রিয় থাকবে। আচমকা বিভিন্ন প্ল্যাটফর্মে তল্লাশি চালাবে এই শারমেয় বাহিনী।



