নয়াদিল্লি: চাপের মুখে সেরাটা মেলে ধরতে সবাই পারেন না। অনেকেই ভেঙে পড়েন। এখানেই ব্যতিক্রম মিচেল স্টার্ক। বুধবার রাতে ফিরোজ শাহ কোটলায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেভাবে সুপার ওভার ও ডেথ ওভারে বল করেছেন বাঁ-হাতি পেসার, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। আর এই তালিকায় প্রথমেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তিনি বলেছেন, ‘নিখুঁতভাবে রিভার্স সুইং করানো সহজ নয়। প্রচণ্ড টেনশনের মুহূর্তে যেভাবে স্টার্ক রিভার্স সুইংয়ে তফাত গড়ে দিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমি শুধু ওকে বলেছিলাম, নিজের দক্ষতার উপর আস্থা রেখে বল করতে। শুনে স্টার্ক বলেছিল, ডোন্ট ওরি, স্কিপ। আই উইল ডু ইট। ও কথা রেখেছে।’



