ব্রিসবেন: টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে আরও বেশি করে নিজেকে মেলে ধরতে চান মিচেল স্টার্ক। তাই টি-২০ ফরম্যাট থেকে অবসর নিলেন তিনি। ৬৫ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে স্টার্কের সংগ্রহ ৭৯ উইকেট। গড় ২৩.৮১। খেলেছেন আইপিএল, বিবিএলে। তবে কখনও কখনও তিনি ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দেশকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি। স্টার্ক জানিয়েছেন, ‘টি-২০ ক্রিকেটে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। ২০২১ সালের বিশ্বকাপ জয় সেরা প্রাপ্তি।’ তবে পরের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার ঠিক আগে স্টার্কের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বয়স একটা ফ্যাক্টর। আগামী বছর স্টার্ক হবেন ৩৬। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা টি-২০ বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে চাইছেন। সেটা আন্দাজ পেয়েই অজি তারকা পেসার অবসর নিলেন বলে মনে করা হচ্ছে।



