খাওয়াজার দাবি ওড়ালেন স্টার্ক
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে বিস্ফোরক অভিযোগে ক্রিকেটমহলে সাড়া ফেলে দিয়েছেন উসমান খাওয়াজা। নিজের বইয়ে তিনি লিখেছেন যে দলের সকলেই ‘স্যান্ডপেপার’ ব্যবহারের কথা জানত। কিন্তু শাস্তি পেতে হয় শুধু ক্যাপ্টেন স্টিভ স্মিথ, ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যাংক্রফটকে। এই প্রসঙ্গে খাওয়াজাকে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ২০১৮’র সেই দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকা মিচেল স্টার্ক উড়িয়ে দিয়েছেন খাওয়াজার অভিযোগকে। উলটো সুরে তিনি সাফ বলেছেন, ‘আমি আগের মন্তব্যেই অনড় থাকছি। আট বছর আগের ঘটনা। ভিন্ন মতামত থাকতেই পারে। সেই সময় আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছিলাম। অন্য বোলারদের কথা বলতে পারি না, তবে আমার অবস্থান একই থাকছে। এই ব্যাপারে কিছুই জানতাম না।’ উল্লেখ্য, ২০২১ সালে এক যৌথ বিবৃতিতে প্যাট কামিংস, জশ হ্যাজলউড, নেথান লিয়ঁ ও স্টার্ক জানিয়েছিলেন যে  ‘স্যান্ডপেপার’ ব্যবহারের কথা তাঁদের অজানা ছিল। সেই বিবৃতিরই পুনরাবৃক্তি করেছেন অজি স্পিডস্টার।

Advertisement