সংবাদদাতা, শিলিগুড়ি: বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সফরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নানা অভাব ও খামতি ধড়া পড়ল। বুধবার স্ট্যান্ডিংকমিটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আসে। আলোচনা ও মতবিনিময় পর্বে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে নানা সমস্যা ও অভাব বুঝতে পারেন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি ডাঃ নির্মল মাঝি জানতে চান, এখানে ওপেনহার্ট বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি হয় কি না। মাথা নেড়ে খামতির কথা জানান কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা।
এরপর তিনি একে একে সব বিভাগের খোঁজ-খবর নেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলেন, এখানে কার্ডিওলজির কিছুই নেই। নিউরোসার্জারি হাঁটি-হাঁটি পা করে চলছে। এসএনসিইউতে মাত্র ১৩টি বেড। পেডিয়াট্রিক অঙ্কোলজি নেই। প্রিন্সিপালকে সব প্রস্তাব পাঠাতে বলেন তিনি।
সমস্যার কথা জানাতে গিয়ে কলেজের ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ দত্ত বলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে। কিন্তু, অজানা কারণে নেফ্রলজি ইন্ডোর পরিষেবা চালু হয়নি। এই বিষয়টি স্ট্যান্ডিং কমিটি লিপিবদ্ধ করেছে।