Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন পেল সেরার সম্মান

ঐতিহ্য, শৃঙ্খলা ও চরিত্রগঠনের পথ বেয়েই এসেছে সাফল্য। রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের বিচারে এবার পশ্চিম মেদিনীপুরের সেরা স্কুল নির্বাচিত হয়েছে মেদিনীপুর শহরের ‘রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন’

মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন পেল সেরার সম্মান
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ঐতিহ্য, শৃঙ্খলা ও চরিত্রগঠনের পথ বেয়েই এসেছে সাফল্য। রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের বিচারে এবার পশ্চিম মেদিনীপুরের সেরা স্কুল নির্বাচিত হয়েছে মেদিনীপুর শহরের ‘রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন’। শনিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারে স্কুল কর্তৃপক্ষকে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় সম্মান’ দেওয়া হল। রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক দিব্যনিষ্ঠানন্দ মহারাজের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

Advertisement

১৯৪৮সালের ১৯আগস্ট মেদিনীপুর শহরের নতুনবাজার এলাকায় এই স্কুল প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, সংস্কৃতি, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে জেলার এই স্কুল সবসময়ই কয়েক ধাপ এগিয়ে থাকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলের নিরিখেও এই স্কুলের পড়ুয়ারা প্রতিবছর জেলার মুখ উজ্জ্বল করে। এবছরও মাধ্যমিকে ১৪০জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭জনই ৯০শতাংশের বেশি নম্বর পেয়েছে। তার মধ্যে ৩৫জন ৯৫শতাংশের বেশি নম্বর পেয়েছে। উচ্চমাধ্যমিকে ৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩০জন ৯০শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ৫৪জন পেয়েছেন ৮০শতাংশের বেশি নম্বর।
রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের মহারাজ ও শিক্ষকরা বলেন, শুধু ফলাফলের নিরিখে এই স্কুলকে বিচার করলে হবে না। এখানকার পড়ুয়ারা স্বামী বিবেকানন্দের আদর্শের উপর ভিত্তি করে নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মগঠনের শিক্ষা লাভ করে। সমাজের যে কোনো ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হবেই। মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত বলেন, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন সত্যিই আমাদের জেলার গর্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ