চেন্নাই: এসআইআর নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে বিরোধী শিবির ইন্ডিয়া। এবার এবিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন এম কে স্ট্যালিন। ইতিমধ্যে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে জ্ঞানেশকে সরানোর জন্য রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার আরজি জানান ডিএমকে প্রধান। একইসঙ্গে ব্যালটে ভোট চালুর পাশাপাশি এসআইআর প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। স্মারকলিপিতে মোট তিনটি প্রশ্ন তুলেছেন স্ট্যালিন। প্রথমত, তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৯৭ লক্ষ নাম বাদ পড়ল কেন? দ্বিতীয়ত, ভোটারদের নাম বাদ দেওয়ায় কি নির্বাচনের ফলাফল পালটে গিয়েছে? আর তৃতীয়ত, এখানে কি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা থাকছে? এক্স হ্যান্ডলে স্ট্যালিন লেখেন, ‘এগুলি শুধু প্রশ্ন নয়। এগুলি এমন অভিযোগ যা গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দেয়। ভোটাধিকার কোনো বিশেষ সুবিধা নয়। সংবিধান এই অধিকার নিশ্চিত করে। প্রত্যেকটি ভোট গোনা উচিত। ভোটারদের অধিকার রক্ষা করা উচিত। আমরা প্রশ্নের উত্তর চাই। গণতন্ত্রের জন্য ন্যায় বিচার চাই।’ এসআইআরে তামিলনাড়ুতে ৯৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। রাষ্ট্রপতির কাছে এবিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানার আরজি জানিয়েছেন স্টালিন।



