সংবাদদাতা, বালুরঘাট: বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের বড় ভাঙন দেখা দিল বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন এলাকায়। বাসিন্দাদের চোখের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নদীঘাটের সিঁড়ি। শুধু তাই নয়, ভাঙনের জেরে বাঁধের রাস্তার ইলেকট্রিক খুঁটিও হেলে পড়েছে। ফলে যে কোনও সময় বড় বিপদ হতে পারে। তাই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে সামগ্রী বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অভিযোগ, ভাঙনের ২৪ ঘণ্টা পার হলেও সেচদপ্তর কাজ শুরু করেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি। সেচদপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং পুরসভাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলাশাসক। এরপরেই দুপুরের পরে ভাঙন রোধে শাল কাঠের লগ ও বালির বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ড্যামের কারণেই এই বিপর্যয় হয়েছে। তাই এক্ষেত্রে স্থায়ী সমাধান চাইছেন বাসিন্দারা। জেলাশাসক বলেন, ড্যাম এলাকায় ভাঙন একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আপাতত ভাঙন রোধের জন্য সেখানে সেচদপ্তর শালকাঠ ও বালির বস্তা দিয়ে (প্রোকুপাইন) কাজ করবে। ইতিমধ্যে কাজ শুরুও হয়ে গিয়েছে। এলাকা আজ পরির্দশন করে দেখলাম। ড্যামের ভাঙা অংশে স্থায়ীভাবে কাজ করতে হবে। স্থায়ী সমাধানের জন্য সেচদপ্তর ডিপিআর প্রস্তুত করছে। আমরা পুরো বিষয়টির উপর নজর রাখছি। সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, এদিন থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। এলাকা জুড়ে প্রোকুপাইনের কাজ করা হবে। যাতে ভাঙন না হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার ভোররাত থেকে এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ওইদিন সেচদপ্তরের আধিকারিকরা পরিদর্শন করলেও কাজ হয়নি। বৃহস্পতিবার সকালবেলা ফের বড় এলাকা জুড়ে ভাঙন হয়। নদী বাঁধ থেকে ঘাটে নামার কংক্রিটের সিঁড়ি ভেঙে পড়ে। ড্যাম থেকে আসা জলের চাপে ওই জায়গায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নমিতা রায়, রথীন হালদার বলেন, এদিন সকালে চোখের সামনে ঘাটের সিঁড়ি ভেঙে মিলিয়ে গেল।



