Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিটি স্ক্যান পরিষেবা চালু

সিটি স্ক্যান পরিষেবা চালু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। বৃহস্পতিবার থেকে আরামবাগ মেডিক্যালে সিটি স্ক্যান পরিষেবার সূচনা হয়েছে। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন আউটডোর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এই পরিষেবা পাওয়া যাবে। এদিন সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধন করেন আরামবাগের সংসদ সদস্য মিতালি বাগ। উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় সহ অন্যান্য আধিকারিকরা। অধ্যক্ষ বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে সিটি স্ক্যান চালু করা হল। হাসপাতালের রোগীরা বিনামূল্যে এর পরিষেবা পাবেন। বাইরের রোগীরা চিকিৎসকের প্রেসক্রিপশন, আধার কার্ড দেখিয়ে ন্যূনতম ৩৪০ টাকায় সিটি স্ক্যানের পরিষেবা পাবেন। উল্লেখ্য, আরামবাগ মহকুমা হাসপাতাল থাকাকালীনই সিটি স্ক্যান চালুর দাবি উঠেছিল। তারজন্য একটি ভবন নির্মাণের কাজ শুরু হলেও পরে তা থমকে যায়। আরামবাগ মেডিক্যাল কলেজ চালু হলেও সিটি স্ক্যান ছিল না। অবশেষে এদিন আরামবাগ মেডিক্যালের সিটি স্ক্যান পরিষেবা চালু হল। জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম, স্ট্রোকে আক্রান্ত সহ নানা কারণে গুরুতর অসুস্থ রোগীদের সিটি স্ক্যান করানোর প্রয়োজন পড়ে। এতদিন আরামবাগ মেডিক্যালে সেই সুবিধা না থাকায় সমস্যায় পড়ছিলেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, হাসপাতালের বাইরে বেসরকারি ল্যাব থেকে রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে তা করাতে হতো। এরফলে হয়রানিও হতো তাঁদের। কিন্তু এবার থেকে সরকারিভাবে আরামবাগ মেডিক্যালেই তা চালু হওয়ায় দুঃস্থ রোগীরা উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ