সংবাদদাতা, পুরুলিয়া: মোবাইল ফোন হারিয়ে প্রায় সাত লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া শহরের একজন ট্যাক্স কনসালট্যান্ট। দু’টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। গোটা বিষয়টি জানিয়ে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ট্যাক্স কনসালটেন্ট। পেশায় ট্যাক্স কনসালট্যান্ট সত্যনারায়ণ কুমার পুরুলিয়া শহরের নডিহা এলাকার বাসিন্দা। তিনি বুধবার পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগে জানান, গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ তিনি মিষ্টিমহল এলাকার সব্জি বাজারে মাছ কিনতে যান। সেখানে তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। ৫ মিনিটের মধ্যে মোবাইল ফোনটি কেউ বন্ধ করে দিয়েছিল। তিনি আরও জানান, তাঁর এক আত্মীয় কিছুক্ষণের মধ্যে অনলাইনে ফোন পে অ্যাপটিও বন্ধ করেন। তাঁর ওই মোবাইলে দুটি সিম কার্ড ছিল। ওই দিনই সকাল ১১টা নাগাদ পুরুলিয়া সদর থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করেন তিনি। ঘটনার দিনে নতুন সিম কার্ড কেনার চেষ্টা করলেও রবিবার থাকায় তা সম্ভব হয়নি। পরের দিন আধারের ফোন নম্বর পরিবর্তন করার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে ট্রাঞ্জাকশন বন্ধ করার আবেদন জানান। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্টগুলি ট্রাঞ্জাকশন তাঁরা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মোবাইল হারিয়ে যাওয়ার চার দিনের মধ্যে ওই ব্যাঙ্কে থাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা কেউ তুলে নেয়। ওই সময়ের মধ্যেই তাঁর বন্ধন ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকেও প্রায় পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা কেউ তুলে নেয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে সদর থানার পুলিস।



