Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাত লাখে ফ্ল্যাট! বিক্রিতে তৎপর রাজ্য

সাত লাখে ফ্ল্যাট! বিক্রিতে তৎপর রাজ্য
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মাত্র ৭ লক্ষ ২০ হাজার টাকায় ওয়ান বিএইচকে এবং ন’লক্ষ ২৮ হাজার টাকায় টু’বিএইচকে ‘রেডি টু মুভ’ ফ্ল্যাট দিচ্ছে রাজ্য। হলদিয়া শিল্পাঞ্চলের বাসুদেবপুরে নিজশ্রী প্রকল্পে ওইসব ফ্ল্যাট তৈরি হয়েছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভর্তুকিতে ওই ফ্ল্যাট দেওয়া হবে। এজন্য আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা করা যাবে। একটি টু’বিএইচকে এবং ১০টি ওয়ান বিএইচকে ফ্ল্যাট খালি রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্গাচক শাখায় আবেদনপত্র সংগ্রহ করে সেখানেই জমা করতে হবে। ফ্ল্যাটের সংখ্যার তুলনায় আবেদনপত্র বেশি হলে লটারি করবে প্রশাসন।
Advertisement
২০১৯ সালে হলদিয়ার বাসুদেবপুর মৌজায় নিজশ্রী প্রকল্পে পর পর দু’টি হাউসিং কমপ্লেক্স গড়ে ওঠে। তারমধ্যে একটি ছিল দুই রুম বিশিষ্ট ১৬টি ফ্ল্যাট। আরেকটি ছিল এক রুম বিশিষ্ট ৩২টি ফ্ল্যাট। নির্মাণ কাজ চলাকালীন ফ্ল্যাট বুকিংয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিল প্রশাসন। সে সময় অনেকে আবেদন করেছিলেন। টু বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদন বেশি ছিল। সেজন্য লটারির মাধ্যমে ওইসব ফ্ল্যাট আবেদনকারীদের তুলে দেওয়া হয়। তবে, দুই কামরার একটি ফ্ল্যাটের বুকিং বাতিল হওয়ায় সেটির জন্য আবেদন চাওয়া হয়েছে। অপরদিকে, ওয়ান বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদন তুলনায় কম। ৩২টির মধ্যে এখনও ১০টি ফাঁকা পড়ে রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিজশ্রী প্রকল্পে তৈরি হওয়া ওয়ান বিএইচকে ফ্ল্যাটের আয়তন ৩৭৮ বর্গফুট। অপরদিকে, টু’বিএইচকে ফ্ল্যাটের আয়তন ৫৫৯ বর্গফুট। ভর্তুকিযুক্ত ফ্ল্যাট পেতে হলে কয়েকটি  শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীর নিজের কিংবা পরিবারের নামে পাকাবাড়ি থাকলে চলবে না। দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। ওয়ান বিএইচকে ফ্ল্যাটের জন্য সর্বাধিক মাসিক আয় ১৫হাজার টাকা এবং দু’বিএইচকের জন্য সর্বাধিক মাসিক আয় ৩০ হাজার টাকা হতে হবে।
হলদিয়া শিল্পাঞ্চলে সস্তা দরে ফ্ল্যাট বেচতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ট্যাগলাইন-‘রেডি টু মুভ অ্যান্ড মেক ইট ইয়োরস।’ রাজ্য সরকারের নিজস্ব জমিতে ওইসব ফ্ল্যাট গড়ে ওঠেছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভর্তুকি দিয়ে ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য রাজ্য সরকার নিজশ্রী প্রকল্প হাতে নিয়েছিল। প্রায় সব জেলায় ওই প্রকল্পে ফ্ল্যাট তৈরি হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর ও খড়্গপুর শহরে নিজশ্রী স্কিমে ফ্ল্যাট হয়েছে। পূর্ব মেদিনীপুরে শুধুমাত্র হলদিয়ায় নিজশ্রী স্কিমে ফ্ল্যাট হয়। তবে, টু বিএইচকে ফ্ল্যাটের চাহিদা বেশি। তুলনায় ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিয়ে আগ্রহ কম। হলদিয়া শহরে ওই ১১টি ফ্ল্যাট বিক্রি হলে রাজ্যের ৮১লক্ষ টাকা আয় হবে। আবাসন দপ্তর দ্রুত ওইসব ফ্ল্যাট বিক্রি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এনিয়ে বিজ্ঞাপন দিয়েছে। নিজশ্রী প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার অফিসার ইন-চার্জ সুব্রত রায় বলেন, মোট ১০টি ওয়ান বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে। পাশাপাশি একটি টু বিএইচকে ফ্ল্যাট ফাঁকা আছে। একেবারে ‘রেডি টু মুভ’ অবস্থায় রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
সম্পর্কিত সংবাদ